আফ্রিকা মহাদেশে ক্রিকেটের প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে এশিয়া কাপের আদলে একটি নতুন টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। ছোট ফরম্যাটের এই টুর্নামেন্টের মাধ্যমে আফ্রিকান ক্রিকেটের বাণিজ্যিক প্রসার এবং নিজস্ব তহবিল সংগ্রহ করতে চায় সংস্থাটি।
গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান নির্বাচিত করার মাধ্যমে এসিএ পুনর্গঠিত হয়। বর্তমানে তারা আর্থিকভাবে লাভজনক বিভিন্ন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, তবে ২০২৭ সালের আগে এই টুর্নামেন্টটি মাঠে গড়ানোর সম্ভাবনা কম।
সম্ভাব্য ছয় দল নিয়ে আয়োজন করা হতে পারে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিতে পারে মহাদেশের শীর্ষ দলগুললো- সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। বিশেষ করে সাউথ আফ্রিকার অংশগ্রহণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা আফ্রিকার সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল। তবে এখনও টুর্নামেন্টের সময়সূচি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এই উদ্যোগে আগ্রহ দেখালেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পরবর্তী আইসিসি-এর ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। বর্তমান এফটিপির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে।







