আসন্ন এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা ছিল বেশ। বৃহস্পতিবার ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভার পরেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শনিবার বিকেলে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি টুর্নামেন্ট শুরু ও শেষের দিনক্ষণ জানান। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সূচি প্রকাশ করে এসিসি।
টি-টুয়েন্টি ফরম্যাটে আট দলের অংশগ্রহণে আগামী ৯ সেপ্টেম্বর থেকে গড়াবে আসর। ২৮ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। আসন্ন এশিয়া কাপের আয়োজক ভারত। আগে থেকেই সিদ্ধান্ত ছিল এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা নিরপেক্ষ ভেন্যুতে। শেষ অবধি ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
এবারের এশিয়া কাপে অংশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। গ্রুপসেরা দুটি দল খেলবে সুপার ফোরে। সেখান থেকে সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল লড়বে শিরোপা মহারণে।
‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সূচি প্রকাশ করা হলেও কোন মাঠে কার ম্যাচ হবে, তা এখনও জানায়নি এসিসি।
৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হবে আসর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে তৃতীয় দিন, হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, ১৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। টুনামেন্টের বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ গড়াবে ১৪ সেপ্টেম্বর।
একনজরে এশিয়া কাপের সূচি
গ্রুপপর্ব
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর: ভারত-সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর: পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান-যুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা-আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর: ভারত-ওমান
সুপার ফোর
২০ সেপ্টেম্বর: বি১-বি২
২১ সেপ্টেম্বর: এ১-এ২
২৩ সেপ্টেম্বর: এ২-বি১
২৪ সেপ্টেম্বর: এ১-বি২
২৫ সেপ্টেম্বর: এ২-বি২
২৬ সেপ্টেম্বর: এ১-বি১
ফাইনাল: ২৮ সেপ্টেম্বর








