নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হল ‘হাইব্রিড মডেলে’ ২০২৩ এশিয়া কাপের সূচি। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে আসর। রাজনৈতিক কারণে পাকিস্তানে যাবে না ভারত। তবে দেশটিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের গণমাধ্যমে এমন খবর।
এবছর এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। ৩১ আগস্ট থেকে শুরু হয়ে পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সূচি।
মঙ্গলবার সাউথ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক অধিবেশনে প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সভার ফাঁকে বৈঠকে এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে অংশ নেন পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ, বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ।
পাকিস্তানে খেলতে ভারতের আপত্তি থাকায় টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সে কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে ম্যাচগুলো। আসরের প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে, বাকী ম্যাচগুলো গড়াবে শ্রীলঙ্কায়।
ভারত-পাকিস্তান মহারণ হবে শ্রীলঙ্কার ডাম্বুলা স্টেডিয়ামে। ঘরের মাঠে নেপালের বিপক্ষে খেলবে পাকিস্তান। বাকী তিনটি ম্যাচে দেশটির মাটিতে লড়বে আফগানিস্তান-বাংলাদেশ, শ্রীলঙ্কা-বাংলাদেশ এবং শ্রীলঙ্কা-আফগানিস্তান।
এবারের এশিয়া কাপে ৬ দলের অংশগ্রহণে মোট ম্যাচ হবে ১৩টি। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।








