এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল ভারত। মাত্র ৬৬ রানে হারায় চার ব্যাটারকে। পরে ১৩৮ রানের জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে তোলেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। তাদের অনবদ্য ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল ভারত। তবে শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল।
পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল দুইবার। বৃষ্টি বিঘ্নিত ইনিংসে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছে ভারত। ভারতের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। সাতটি চারের মার ও এক ছক্কায় ৯০ বলে ৮৭ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ঈশান কিষাণের। নয়টি চার ও দুই ছক্কায় ৮১ বলে কিষাণ সংগ্রহ করেছেন ৮২ রান।
ভারতের ইনিংসের শুরুতে বৃষ্টি হানা দেয়। বৃষ্টি নামার আগে ভারতের সংগ্রহ ছিল ৪.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান। বৃষ্টি শেষে ম্যাচ গড়ানোর চার বল পরই আফ্রিদির হাফ ভলি বলে বোল্ড হন ১১ রান করা রোহিত। রোহিত ফেরার পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি বিরাট কোহলি। মাত্র ৪ রান করে শাহিন আফ্রিদির বল তার ব্যাটের কানায় লেগে উইকেটে আঘাত হানে।
আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দেন শ্রেয়াস আয়ার। লম্বা করতে পারেননি ইনিংস। হারিস রউফের বলে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ফখর জামানের তালুবন্দি হন। ৯ বলে ২ চারে ১৪ রানে থামে আয়ারের ইনিংস। দলীয় ৪৮ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর দ্বিতীয় দফা বৃষ্টিতে খেলা আবারও খানিকক্ষণ বন্ধ থাকে।
বৃষ্টি শেষে খেলা পুনরায় মাঠে গড়ালে ১৫তম ওভারের প্রথম বলে বোল্ড হন ৩২ বলে ১০ রানের ধীরগতির ইনিংস খেলা শুভমান গিল। নিজের দ্বিতীয় উইকেট পকেটে পুরেন হারিস।
এরপর দলের হাল ধরেন কিষাণ ও পান্ডিয়া। পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে রান তুলছেন দুই ব্যাটার। দুজনেই ফিফটি স্পর্শ করেছেন। ২৮ ওভারে দ্বিতীয় বলে ৫৪ বলে ফিফটি স্পর্শ করেন কিষাণ, ৩৪তম ওভারের শেষ বলে ৬২ বলে ফিফটি করেন হার্দিক।
১৩৮ রানের জুটি গড়ে ৩৭.৩ ওভারে দলীয় ২০৪ রানে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে হারিস রউফের তৃতীয় শিকার হন কিষাণ। পরে রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে সংগ্রহ বাড়াতে থাকেন পান্ডিয়া। ৪৩.১ ওভারে দলীয় ২৩৯ রানে শাহিনের তৃতীয় শিকার হনে এই অলরাউন্ডার। আগা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।
পাঁচ বল পরেই মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ বানিয়ে জাদেজাকে নিজের চতুর্থ শিকার বানান শাহিন। ২২ বলে ১৪ রান করেন জাদেজা। পরের ওভারে বলে আসেন নাসিম শাহ। ওভারের প্রথম বলেই শার্দুল ঠাকুরকে নিজের প্রথম শিকার বানান নাসিম। শার্দুল ফিরেছেন তিন বলে তিন রান করে।
৪৮.২ ওভারে দলীয় ২৬১ রানে কূলদ্বীপ যাদবকে নিজের দ্বিতীয় শিকার বানান নাসিম শাহ। যাদব ফিরেন ১৩ বলে চার করে। তিন বল পরেই জাসপ্রিত বুমরাহকে ফেরান নাসিম। ১৪ বলে ১৬ রান করে আগা সালমানের ক্যাচ হন বুমরাহ। ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন মোহাম্মদ সিরাজ।
পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নিয়েছে শাহিন শাহ আফ্রিদী। ১০ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৩৫ রান। হারিস রউফ ও নাসিম শাহ নেন তিনটি করে উইকেট।








