বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করার সুযোগ ছিল টাইগার ব্যাটারের সামনে। তবে ৫৩ রানে অপরাজিত থাকাকালীন ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি ও ফিফটি করা মাত্র দ্বিতীয় ব্যাটার মুশফিক। এর আগে শুধু রিকি পন্টিংয়ের ছিল এই কীর্তি। দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি। মুশফিকেরও সুযোগ ছিল অস্ট্রেলিয়া কিংবদন্তিকে স্পর্শ করার। তবে দলীয় ২৯৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক আউট হলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন। তাতে অপরাজিত থেকেই থামতে হয় মুশফিককে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, কেন মুশফিকের ইতিহাস গড়তে অপেক্ষা করা হয়নি?
জবাবে বলেছেন, ‘এটা একটা টিম গেম, আলাদা গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আলাদা পারফরম্যান্স করলেই টিম পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল আমাদের তখন ৫০০ রান হয়ে গিয়েছে। হ্যাঁ আপনি চাইলে আরো এক ঘণ্টা খেলাতে পারতেন। কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অফ ক্রিকেটে।’
‘হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, না যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে সুযোগটা দেওয়া হয়েছিল (সেঞ্চুরির), কিন্তু দুর্ভাগ্য সে করতে পারেনি। সেই কারণেই আসলে আর খেলা হয়নি।’








