সাবেক ক্রিকেট তারকাদের মিলনমেলা ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে এবারই প্রথমবার লড়বে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর পাশে এখন দেখা যাবে বাংলাদেশের সাবেক তারকাদের।
গত দুই আসরে ছয়টি দল থাকলেও বাংলাদেশের অন্তর্ভুক্তিতে এবার দলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। আয়োজকদের বিশ্বাস, বাংলাদেশের মতো ক্রিকেট অনুরাগী দেশ যুক্ত হওয়ায় টুর্নামেন্টের জৌলুস ও প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে।
শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ডব্লিউসিএলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের অংশগ্রহণ করার কথা জানায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধররা। খুব অল্প সময়ের জন্য এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে মঞ্চে নয়, সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের আসনে কয়েক মিনিট ছিলেন তিনি।
এই টুর্নামেন্টে অংশ নেয়া প্রসঙ্গে রোমাঞ্চিত দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুল।
সাইলেন্ট কিলার নামে খ্যাত রিয়াদ বলেছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে আমি প্রস্তুত। গত বছর ভারতে খেলার সময় থেকেই আমরা সতীর্থরা মিলে এমন একটি লিগে খেলার স্বপ্ন বুনছিলাম। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারবো।’
মোহাম্মদ আশরাফুলের ভাষ্য, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে বাংলাদেশ এই টুর্নামেন্টে খেলবে। খেলা ছাড়ার (অবসর) পর কোচিংয়ে এসেছি। আবারও মাঠে ফিরতে পারব এবং খেলতে পারবো- এই ভেবে আমি অত্যন্ত রোমাঞ্চিত।’







