ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের বক্সিং ডের চতুর্থ টেস্টে থাকছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ডানহাতি স্পিনার নাথান লায়ন। চোটের কারণে ছিটকে গেলেন দুই অভিজ্ঞ বোলার, বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের জায়গায় ডাক পেয়েছেন টড মারফি ও ঝাই রিচার্ডসন। দলের অধিনায়কত্ব করবেন স্টিভেন স্মিথ।
ইতিমধ্যে ৩-০তে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ৮২ রানের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পরেন লায়ন, পরে মাঠ ছাড়েন তিনি। অন্যদিকে পিঠের ব্যথার কারণে কামিন্স খেলতে পারবেন না, জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ড।
কামিন্সের অনুপস্থিতিতে প্রথম দুই টেস্টে দলকে নেতৃত্ব দেয়া স্মিথ মেলবোর্নে আবারও অধিনায়কত্ব করবেন। অ্যাডিলেড টেস্টে ঘাড়ের সমস্যার কারণে খেলতে পারেননি স্মিথ।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ হিসেবে প্যাট কামিন্স এ ম্যাচে খেলবেন না। নাথান লায়নের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে এবং এর জন্য তার অস্ত্রোপচার করতে হবে, ফলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
কামিন্স-লায়নের বদলি হিসেবে দলে ডাক পাওয়া মারফি ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে চলেছেন। তার আগের ক্যারিয়ারে সাতটি টেস্ট খেললেও সবই ছিল দেশের বাইরে। তিনি সর্বশেষ চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন। এদিকে চার বছর পর টেস্ট দলে ফিরেছেন রিচার্ডসন। এই সময়ের মধ্যে তার কাঁধে তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে।
স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক আবার অজিদের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবে, কারণ অ্যাডিলেড টেস্টের পর তারা ভালোভাবেই ফিট আছেন। অন্যদিকে মাইকেল নেসার, ব্রেন্ডান ডগেট ও রিচার্ডসনের মধ্যে একজন তাদের সঙ্গে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন।







