বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ফাইনালের আগে এত দর্শক মাঠে আসেনি। সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর আসরের শেষ দিনে নামে দর্শকের ঢল। মিরপুরের ইনডোর স্টেডিয়ামে হাজির হয় পনেরো হাজারের বেশি দর্শক। বাংলাদেশের অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি ফাইনালে ভালো খেলার সেই কৃতিত্ব দিলেন দর্শকদের।
ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়ে দেশের মাটিতে চতুর্থবারের মতো হওয়া আসরে চারবারই শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। শিরোপার মঞ্চে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন আরুদুজ্জামান।
ম্যাচসেরার প্রতিক্রিয়ায় মুন্সি জানান, ‘আমাদের এত ভালো খেলার পেছনে অবদান দর্শকের। আমি যখন রেইডে যাচ্ছিলাম, তারা আমাকে মুহুমুহ আন্দোলিত করছিল। এজন্য আমি সব দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই।’
ফাইনালের সেরা খেলোয়াড় অধিনায়ক মুন্সি নিজের বিদায় নিয়ে ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন, ‘আমার বিদায় যে এত সুন্দর হবে সেটা আশা করিনি। এর জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই।’
কাবাডিতে সুযোগ সুবিধা সংক্রান্ত এক প্রশ্নে অধিনায়ক জানান, ‘আমাদের ওইভাবে সুযোগ-সুবিধা কম। আমাদের যদি সেভাবে সুযোগ করে দেয়া হয়, বাংলাদেশের অন্যান্য খেলা যেমন ক্রিকেট, ফুটবলের মত ম্যাচ খেলার সুযোগ পায়, বেতনভুক্ত করা হয়, আনাদের পৃষ্ঠপোষকতার অভাব না থাকলে কাবাডিতে আমরা এশিয়ান গেমস, সাফ গেমস বা অলিম্পিক থেকেও আমরা পদক আনতে পারব।’
দল দেশের বাইরে সাফল্য পাচ্ছে না, যাওয়ার আগে কি পরামর্শ দিচ্ছেন, ‘আমি খেলা ছাড়ার ঘোষণা দিয়েছি কিন্তু কাবাডি থেকে সরে যাওয়ার ঘোষণা দেইনি। আজীবন কাবাডির সাথে থাকতে চাই। গত আসরে এশিয়ান গেমসে চাইনিজ তাইপের বিপক্ষে আমরা খারাপ করেছিলাম। তবে আমাদের দল ভালো। আশা করছি পরবর্তী সাফ গেমসে রোপ্য পদক থাকবে। এশিয়ানেও আমাদের পদক থাকবে ইনশাআল্লাহ।’








