ম্যানচেস্টার সিটির দুঃস্বপ্ন কাটছেই না। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারের পর ষষ্ঠ ম্যাচেও পয়েন্ট হারাল সিটিজেনরা। তিন গোলে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার দলকে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ ইতিহাদে মঙ্গলবার রাতে ফেইনুর্দের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানসিটি। ৪৪ ও ৫৩ মিনিটে আর্লিং হালান্ড জালে বল পাঠানোর মাঝে ইলকাই গুন্ডোয়ান একটি গোল করলেন। এরপর খেই হারিয়ে ১৪ মিনিটে তিন গোল হজম করে পয়েন্ট হারায় তারা।
১৯৬৩ সালের পর এই প্রথম টানা ষষ্ঠ ম্যাচে দুই বা বেশি গোল হজম করল ম্যানসিটি। সেবছর ইংলিশ শীর্ষ লিগ থেকে অবনমন হয়েছিল দলটির। ৬১ বছর পর আবারও টানা ছয় ম্যাচে দুই বা বেশি গোল হজম করল মাসখানেক আগেও দারুণ ছন্দে থাকা দলটি।
রাতের অন্য ম্যাচে রবার্ট লেভান্ডোভোস্কির জোড়া গোলের সঙ্গে দানি ওলমো এক গোলে ব্রেস্তের বিপক্ষে ৩-০তে জিতেছে বার্সেলোনা। তাতে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন লেভা। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর তৃতীয় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে শততম গোলের ক্লাবে পৌঁছালেন ৩৬ বর্ষী ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগে ১৪০টি গোল করে শীর্ষে আছেন রোনালদো। তারপর বিশ্বজয়ী মেসি, গোল ১২৯টি। ১২৫ ম্যাচে পোলিশ তারকার গোল এখন ১০১টি।
এদিকে স্পোর্টিং সিপির জালে গোল উৎসব করেছে আর্সেনাল। এস্তাদিও হোসে আলভালাদেতে স্পোর্টিংকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ২১ বছরের মধ্যে এই প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বড় জয় তুলেছে গানাররা। ১৩ মাস পর ঘরের মাঠে হার দেখেছে পর্তুগিজ ক্লাব সিপি।
স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভারকে ৩-২ গোল হারিয়েছে ইতালির এসি মিলান। একই সময়ে লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদ ৬-০ গোল উড়িয়ে দিয়েছে চেক রিপাবলিকের স্পার্টা প্রাহাকে।
বাকি ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-০তে হেরেছে পিএসজি, ইন্টার মিলান ১-০তে জিতেছে আরবি লেইপজিগের সঙ্গে, ইয়াং বয়েজকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আটালান্টা এবং সলজবুর্গকে ৫-০তে হারিয়েছে লেভারকুসেন।
পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন। এক ম্যাচ কম খেলা লিভারপুলকে পেছনে ফেলে ইন্টার মিলান উঠে গেছে শীর্ষে। পঞ্চম রাউন্ড শেষে চারজয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ইন্টার। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ১২।
দুটি করে জয় ও ড্রয়ের সঙ্গে একটি হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম অবস্থানে আছে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এদিকে দশ পয়েন্ট নিয়ে সাতে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকদল আর্সেনাল।








