চলতি মৌসুম শেষে লিভারপুল ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়ে ইয়ুর্গেন ক্লপ। দলের টানা ব্যর্থতার জেরে বার্সেলোনার কোচের পদ থেকে সরার কথা নিজের মুখেই বলেছেন জাভি হার্নান্দেজ। এরই মাঝে পাওয়া গেল চমকপ্রদ খবর। আর্সেনালের কোচের দায়িত্ব থেকে পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন মিকেল আর্তেতা।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিজের ঘনিষ্ঠজনদের কাছে নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে আর্তেতা কথা বলেছেন। ৪১ বর্ষী স্প্যানিয়ার্ড জানিয়েছেন, ২০২৩-২৪ মৌসুম শেষে গানারদের সঙ্গে তিনি সম্পর্কের ইতি টানতে চান।
প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, জাভির পরিবর্তে কোচ হিসেবে পাওয়ার জন্য আর্তেতার সঙ্গে যোগাযোগ করা হয়নি। যদিও বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সাবেক এ মিডফিল্ডার একজন ভক্ত। লাপোর্তার বিশ্বাস, তার ক্লাবের জন্য আর্সেনালের বর্তমান কোচ উপযুক্ত হবেন।
উত্তর লন্ডনের ক্লাবটির সঙ্গে আর্তেতার ২০২৫ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে। তবে চুক্তি শেষের এক বছর আগে দল ছাড়তে চাইলে শান্তিপূর্ণভাবে তা নিষ্পত্তির জন্য গানারদের সঙ্গে তাকে আলোচনায় বসতে হবে।







