প্রকাশিত সংবাদের জেরে দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ২৭ আগস্ট বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (সদর)-এর বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টুর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনে মনগড়া তথ্য দিয়ে ২০ জনকে টার্গেট করে এবং ২০ জনের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে দৈনিক যুগান্তরের সেসময়ের স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও উল্লেখ করা হয়। পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর সুজন কান্তি বড়ুয়াকে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তদন্তকারি কর্মকর্তা দীর্ঘ ৬ মাস তদন্ত শেষে গত ১৫ জুন আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। আদালত গত ৬ জুলাই আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টুকে ২৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই দিন দুই আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।







