আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও কঠোর নিরাপত্তা নিশ্চিতে ঠাকুরগাঁওয়ে বিশেষ মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি বিকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের একটি চৌকস কমান্ডো দল এই মহড়ায় অংশ নেয়। প্রতিকূল পরিবেশে দ্রুত অভিযান পরিচালনা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের নানা কৌশল প্রদর্শন করা হয় এখানে।
এর আগে, সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে স্টেডিয়ামে অবতরণ করেন রংপুর বিভাগের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি উপস্থিত থেকে কমান্ডো দলের এই বিশেষ মহড়া পর্যবেক্ষণ করেন এবং অপারেশনাল প্রস্তুতির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।








