দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তাদের শিরোপা রক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে দলের অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, তিনি চান না ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মুখোমুখি হতে।
সম্প্রতি মেক্সিকান পডকাস্ট ‘মিরো দে আত্রাস’ এ আর্জেন্টিনার সাবেক গোলকিপার নাহুয়েল গুজমানের সঙ্গে আলাপকালে মেসি বলেছেন, ‘আমরা প্রায়ই বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে একে অপরের মুখোমুখি হই। শেষবার গ্রুপপর্বে আমাদের দেখা হয়েছিল। সামনে আবারও সুন্দর একটি সুযোগ আসছে, তবে আশা করি এবার আমরা একে অপরের মুখোমুখি হব না।’
‘আমরা মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা সত্যি বলতে ভয় নিয়ে খেলতে গিয়েছিলাম। অজান্তেই আমাদের মনে হচ্ছিল, এতদিনের প্রক্রিয়া পার করার পরও আমরা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যেতে পারি। আর মেক্সিকো এমন একটা দল যারা সবসময় আমাদের জন্য খেলা কঠিন করে তোলে। হেরে যাওয়ার একটা ভয় ছিল আমাদের।’
২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আলবিসেলেস্তেরা। এরপর কাতারে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল করেন মেসি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ২-০ ব্যবধানে জয় পেয়েছিল।
৩৮ বর্ষী আর্জেন্টাইন মহাতারকার মতে, এবার মেক্সিকোর বাড়তি সুবিধা থাকবে। কারণ বিশ্বকাপটি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। ঘরের মাঠে খেললে মেক্সিকো আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে বলেও মনে করেন তিনি।
তবে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বে আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকোর দেখা হচ্ছে না। আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।








