লাতিন আমেরিকা অঞ্চলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির নেতৃত্বে রীতিমত উড়ছিল আর্জেন্টিনা। তাদের যেন বড় ধাক্কাই দিল প্যারাগুয়ে। ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনাকে চমকে দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে দলটি।
প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে শুক্রবার ভোরে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরেছে ৭০ শতাংশের বেশি বল পজিশন ধরে রাখা আর্জেন্টিনা। চলতি বাছাইয়ে তাদের তৃতীয় হার।
দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব নেন বিশ্বজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। আকাশী-নীল জার্সিতে বহুবার চমক দেখানো গোলরক্ষক এদিন পেরে ওঠেননি। দুবার তাকে ফাঁকি দিয়ে জালে বল জড়ায়। অন্যদিকে গোল পাননি ফর্মে থাকা মেসি।
ম্যাচের ১১ মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে এগিয়ে গেলেও লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ১৯ মিনিটে আন্তোনিও সানাব্রিয়া সমতা ফেরানোর পর ৪৭ মিনিটে প্যারাগুয়েকে জয়সূচক গোলটি এনে দেন ওমার আলদেরেতে। পরে দুজনের কেউই আর জালের দেখা পায়নি।
হারের পরও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলের শীর্ষেই আছে তিনবারের ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


