ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের কার্লোস স্পেগাজিনি অঞ্চলে। দুর্ঘটনায় পুড়ে গেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচ খেলা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়ি। দেশটির সংবাদমাধ্যমের খবরে, দুর্ঘটনাটিতে ২০ জনের হতাহতের খবর পাওয়া গেছে।
জানা যায়, আরমানি ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না বিস্ফোরণের সময়। আরমানি সেসময় হোটেলে অবস্থান করছিলেন। কেমিক্যাল থেকে ছড়িয়ে পড়া ওই বিস্ফোরণে তার বাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও, পরিবেশগত বিপর্যয়ের কারণে তারা এখনই সেখানে ফিরতে পারবেন না।
এছাড়া ওই এলাকায় ক্ষতিকারক রাসায়নিক বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ায় যাতায়াত বন্ধ রাখা হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে স্থানীয় ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ফ্রাঙ্কো আরমানির বর্তমান ক্লাব রিভার প্লেট। ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল স্কালোনির স্কোয়াডে থাকলেও এমিলিয়ানো মার্টিনেজকে খেলালে কোনো ম্যাচে নামার সুযোগ হয়নি আরমানির। তবে ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুই ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক।








