ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক ম্যাচ রাঙালেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে শেষ মুহূর্তে ফ্রি-কিক জাদুতে দলকে এনে দেন দারুণ জয়। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটির ২-১ গোলের জয়ে মেসি নিজেও উচ্ছ্বসিত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে কিংবদন্তি মেসির ম্যাচ দেখতে কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। ২০ হাজারেরও বেশি উপস্থিত সমর্থকদের হতাশ করেননি এ মহাতারকা। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেখান ট্রেডমার্ক ফ্রি-কিক জাদু। মেসির গোলেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সাবেক বার্সা কোচ জেরার্ডো মার্টিনোর দল।
ম্যাচের পর মেসি বলেন, ‘শেষ দিকে আমি একটি দারুণ সুযোগটি পেয়েছি। আমার লক্ষ্য ছিল গোল করা। ভাগ্যক্রমে সেই সুযোগ কাজে লেগেছে। আমরা জানতাম এই চ্যাম্পিয়নশিপের শুরুতে একটি জয় কতটা গুরুত্বপূর্ণ। ভাগ্যক্রমে আমরা ম্যাচটি জিতেছি। আমি অনেক খুশি।’
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে হারিয়ে দুই মাসের বেশি সময় পর জয়ের ধারায় ফিরেছে মিয়ামি। অভিষেক ম্যাচে গোল করার পাশাপাশি লিগ কাপেও শুভসূচনা পেল ক্লাবটি।
৩৬ বর্ষী মেসির ভাষ্য, ‘লিগে আমরা যেভাবে মৌসুম শেষ করেছি এরপর এমন জয় আসলেই অনেক বেশি আনন্দের। জয়ের ধারায় ফেরাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই চ্যাম্পিয়নশিপ বাদেও আত্মবিশ্বাসের জন্য জয় পাওয়াটা জরুরি ছিল। পুরো টুর্নামেন্টে সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাস জোগাবে।’
‘এখানে আসা সমর্থকদের জন্য আমরা জয় দিয়েই শুরু করতে চেয়েছিলাম। আজকের রাতটি সমর্থকদের জন্য। এখানকার মানুষকে ধন্যবাদ, যারা উৎসাহ দিয়ে গেছেন। আমরা চাই, সারা বছর তারা আমাদের এভাবেই সমর্থন জানিয়ে যাবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাতটি এই দেশের জন্য, লিগের জন্য এবং আমাদের জন্য এটি গর্বের।’








