ফুটবলে দাপট দেখিয়ে বিশ্বকাপ জয়ের পর এবার ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে চারশ রান করে বিশ্বরেকর্ড গড়েছে আর্জেন্টিনার মেয়েদের ক্রিকেট দল। এর আগে ছেলে ও মেয়েদের ক্রিকেটের আইসিসির কোনো স্বীকৃত দেশ এমন রেকর্ড গড়তে পারেনি।
বুয়েন্স আয়ার্সে শুক্রবার চিলির মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪২৭ রান তোলে আর্জেন্টিনা। জবাবে পাহাড়সম রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ৬৩ রানেই গুটিয়ে যায় চিলি। হেরেছে ৩২৭ রানে। রানের হিসাবে যা টি-টুয়েন্টিতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড।
ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান দুই আর্জেন্টাইন ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তিনা গালান। উদ্বোধনী জুটিতে ৩৫০ রান যোগ করেন। এটিও বিশ্বরেকর্ড। ৮৪ বলে ২৭ চারে ১৬৯ রানে আউট হন লুসিয়া টেলর। নারী টি-টুয়েন্টির ইতিহাসে যা ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও বটে। আরেক ওপেনার গালান ৮৪ বল খেলেই ২৩ চারে অপরাজিত থাকেন ১৪৫ রানে। পুরো ২০ ওভারে একটি উইকেট হারায় আর্জেন্টিনা।
গত বছরের মার্চে সৌদি আরবের মেয়েদের বিপক্ষে ১ উইকেটে ৩১৮ রান করেছিল বাহরাইন। যেটি ছিল মেয়েদের টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান। এমনকি ছেলেদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নেপালের দখলে। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করে তারা।







