মেয়ের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী তৃষা দেওয়ান ফারুক (শাম্মা) গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দিয়েছেন।
কন্যা সন্তান জন্মের খবরটি শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে অপূর্ব এবং তার স্ত্রী দুজনে ফেসবুকে জানিয়েছেন।
উচ্ছ্বাস প্রকাশ করে অপূর্ব লিখেছেন, আলহামদুলিল্লাহ! আনন্দ ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ হৃদয়ে জানাচ্ছি, আমাদের সুন্দরী কন্যার আগমন হয়েছে।
”প্রিয় আনায়া পৃথিবীতে তোমাকে স্বাগতম। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন। আমাদের প্রতি অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।”
অপূর্বের স্ত্রী তৃষা দেওয়ান ফারুক (শাম্মা) লিখেছেন, আমাদের প্রিয় কন্যা, আনায়া ফারুক তুমি এই পৃথিবীর এবং আমাদের জন্য এক অমূল্য উপহার। তোমার মাঝে এমন এক আলো থাকবে, যা কেউ নিভিয়ে দিতে পারবে না। তোমার হৃদয়ে থাকবে মমতা আর শক্তি, যা প্রতিটি চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে আরও বিকশিত হবে। সবসময় মনে রেখো, তোমাকে আমরা কতটা ভালোবাসি আর তুমি আমাদের কাছে কতটা মূল্যবান।
”তুমি আমাদের গর্ব, আমাদের আনন্দ। তুমি আমাদের হৃদয়ের স্পন্দন। তোমার দুই বড় ভাই সবসময় তোমাকে ভালোবাসবে ও রক্ষা করবে। তোমার কান্না আমাদের কানে একেকটা মিষ্টি সুরের মতো শোনায়, তুমি আমাদের জীবনের রোদেলা আলো, ভালোবাসা রইল।”
২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী তৃষা দেওয়ান (শাম্বা)-কে বিয়ে করেন অপূর্ব। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন; ২০২০ সালে সে সংসারের ইতি ঘটে। সেখানে অপূর্বের একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম আয়াশ।








