ভারতের জনপ্রিয় ইউটিউবার ও বিগ বস ১৭–এর প্রতিযোগী অনুরাগ দোভালের শারীরিক অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন এই ইউটিউবারকে আইসিইউ থেকে বের করা হলেও হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়।চিকিৎসকরা আবারও তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলেই খবর।
‘ইউকে ০৭ রাইডার’ নামে পরিচিত এই ইউটিউবার গত ৭ মার্চ দিল্লি–মিরাট এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার শিকার হন। জানা গেছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মাসুরি এলাকায় ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিম করার সময় তার গাড়ি সড়কের ডিভাইডারে ধাক্কা খায়। এরপর তাকে দ্রুত মিরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সেখান থেকে সরানো হয়। তবে শনিবার (১৪ মার্চ) ভোরে তার ম্যানেজার রোহিত পাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আনুরাগের অবস্থা আবারও গুরুতর হয়ে উঠেছে।
রোহিত জানান, দুর্ঘটনায় আনুরাগের ফুসফুস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে তার শরীরে তীব্র নিউমোনিয়া দেখা দিয়েছে। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাকে রাখা হয়েছে এবং পরে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার সময় ইনস্টাগ্রাম লাইভে থাকা অবস্থায় আনুরাগ বেশ কিছু আবেগঘন কথা বলেন। লাইভে তিনি মাকে উদ্দেশ করে বলেন, “মা, যদি পরের জন্মে আসি, শুধু আমাকে ভালোবাসা দিও।”
এরপর বলেন, “চলো শেষবারের মতো ড্রাইভে যাই।” লাইভ চলাকালীন দ্রুতগতিতে গাড়ি চালাতে দেখা যায় তাকে। হঠাৎ করেই লাইভ শেষ করার আগে তিনি বলেন, “হিম্মত ছিল, কিন্তু এখন আর কেউ নেই। কাকে ফোন করব?”
প্রসঙ্গত, দুর্ঘটনার কয়েকদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে আনুরাগ দাবি করেছিলেন, রিকিতাকে বিয়ের কারণে পরিবারের পক্ষ থেকে তিনি মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। সেই ভিডিওতে তিনি আরও বলেন, তার কোনো ক্ষতি হলে এর জন্য বাবা–মা ও ভাই দায়ী থাকবেন।
বর্তমানে এই ইউটিউবারের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার দ্রুত সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রার্থনাও করছেন। আউটলুক ইন্ডিয়া


