শাবান মাসের একটি মহিমান্বিত রাত হলো পবিত্র শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
সোমবার ২ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র শবে বরাত উপলক্ষে এ কথা লিখেন।
লিখিত পোস্টে তিনি জানান, বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তাঁর বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। তাই এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা।
তিনি আরও জানান, এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহ’র রহমত ও মাগফিরাত লাভ করা যায়।
বিএনপির চেয়ারম্যান বলেন, শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত বা মুক্তি লাভের সুযোগ। বিশ্বাসী মুসলমানরা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন এবং দয়াময় রবুল আলামীন প্রার্থনাকারীদের প্রতি অনুগ্রহ বর্ষণ করেন।
আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন। বিশ্বশান্তি, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট একান্তভাবে মোনাজাত করি। পবিত্র শবে বরাতের এই রজনীতে আমি দেশ, জাতি তথা সমগ্র মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।


