ভারত প্রথম ইনিংসে দুইশর আগে গুটিয়ে যেয়ে চাপে পড়েছে। সফরকারীদের যদি অল্পতে থামানো না যায় তাতে হতে পারে প্রথম টেস্টের বড় হারের পুনরাবৃত্তি! ঘুরে দাঁড়াতে ভারতীয় বোলাদের কাঁধে চাপের বোঝা। ম্যাচে উত্তাপ। কোহলির মুখে হাসি নেই। অধিনায়কের এই গোমড়া মুখ করে থাকা যেনো একজন অন্তত মানতে পারলেন না। ইশান্ত শর্মা তাই ফুরফুরে আমেজ ফেরানোর দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন। মাঠে দারুণ এক টেস্টময় লড়াইয়ের দিনে পরে সেটাই হয়ে গেল আলোচনার খোরাক।
কি করেছিলেন ইশান্ত? তেমন কিছুই নয়! কেবল ভেংচি কেটেছিলেন প্রতিপক্ষ অধিনায়ককে। স্মিথের উদ্দেশ্যে করা অদ্ভুত মুখভঙ্গির সেই ভেংচিই পরে হাসি ফুটিয়েছে কোহলির মুখেও।
রোববার বেঙ্গালুরু টেস্টের ঘটনা। সকালের সেশনে ইনিংসের ২২তম ওভারের শুরুর বলে উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার ফিরে গেলে বাইশ গজে পা রাখেন স্মিথ। হঠাৎ হঠাৎ বল নিচু হয়ে আসতে থাকা পিচে শুরুতে একটু নড়বড়েই ছিলেন অজি দলপতি। ইশান্ত সেসময় ব্যাটসম্যানদের বেশ ভোগাচ্ছেন। ভারতীয় পেসারের একটি বল ঠিকমতো ব্যাটে-বলে করতে পারেননি স্মিথ। বল চলে যায় ঋদ্ধিমান সাহার হাতে। সেটা দেখে মুখে অদ্ভুত ভঙ্গি করে স্মিথের উদ্দেশ্যে ভেংচি কাটেন ইশান্ত।

স্মিথ প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও দ্রুতই মজাটা ধরে ফেলেন। একসময় হেসেও ফেলেন। হেসে ফেলেন কোহলিও। মাঠের পরিস্থিতিতে তখন কিছুটা ফুরফুরে ভাব ফেরে। স্মিথও সুযোগটা নেন। পরে পাল্টা ভেংচি কাটেন ইশান্তকে উদ্দেশ্য করে। ইশান্তের সেই মুহূর্তে ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুতই।







