‘সেক্সটিং স্ক্যান্ডালে’ জড়িয়ে সমালোচনার মুখে ক্রিকেটের মাঠ থেকে সরে যেতে হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন প্রধান টড গ্রিনবার্গ-সহ অনেকেই বলেছিলেন, শিগগিরই মাঠে ফিরবেন তিনি।
তাদের কথা সত্যি প্রমাণ করে ক্রিকেটে ফিরেছেন পেইন। তবে খেলোয়াড় হয়ে নয়। তাসমানিয়া টাইগার্সের কোচিং স্টাফদের সাহায্যের কাজে।
দলটির কোচিং ডিরেক্টর অ্যাডাম গ্রিফিথ ও প্রধান কোচ হোবার্ট হারিকেন পদত্যাগ করায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে পেইনেকে আপদকালীন দায়িত্ব দিয়েছে তাসমানিয়া টাইগার্স।
তাসমানিয়ার কোচ আলি ডি উইন্টার জানান, ‘সে (পেইন) আমাদের সাথে থাকা সময় দুর্দান্ত ছিল। এখন থেকে আমাদের সাথে কাজ করবে। তাকে আমাদের সাথে যুক্ত করায় দারুণ লাগছে। কারণ তরুণ ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক দুর্দান্ত। আমরা তাকে নিয়ে বেশ আশাবাদী।’
গত ১৯ নভেম্বর তাসমানিয়া ক্রিকেট দলের সাবেক এক নারী কর্মীকে যৌন উস্কানিমূলক বার্তা পাঠানোর খবর ফাঁসের পর সমালোচনার মুখে পড়েন টিম পেইন। সে কারণে ক্রিকেট থেকে সরেও দাঁড়ান তিনি। অ্যাশেজ সিরিজে তার পরিবর্তে দলে জায়গা পান অ্যালেক্স ক্যারি। দলের নেতৃত্বে আসে প্যাট কামিন্স।
উইকেটরক্ষক ব্যাটারকে দলে ফিরাতে চেয়ে প্রধান নির্বাহী নিক হকলি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া ও রাজ্য দলের হয়ে আমি আবারও তাকে খেলতে দেখতে চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে আনতে চাই এবং পেইন পারফর্ম করুক সেটাই দেখতে চাই।’








