প্রেমে পড়লে প্রেমিক-প্রেমিকা নানা উপমায় প্রিয়জনকে বর্ণনা করে। বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি এসব উপমা কারও কারও কাছে অবাস্তব আর অবিশ্বাস্য মনে হলেও প্রেমিক -প্রেমিকারা কিন্তু মিথ্যা বলে না!
প্রেমিক-প্রেমিকার এই অনুভূতি নিয়েই এবারে ঈদে দ্বৈত গান নিয়ে হাজির হলেন বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর ও মিমি। গানের শিরোনাম ‘মিথ্যা বলতে পারি না’।
জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রকাশ করেছে এই গানটি।
গানটির কথামালা সাজিয়েছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ইয়ামিন ইলান বানিয়েছেন গানটির ভিডিও।
নতুন এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘মিথ্যা বলতে পারি না’ একটি রোমান্টিক ঘরানার গান। মিমির গায়কী আমাকে মুগ্ধ করেছে । আশা করছি শ্রোতাদেরও মুগ্ধ করবে।
মিমি জানালেন, আসিফ ভাইয়ের সাথে গান গাওয়ার অভিজ্ঞতা দারুণ। আমার বিশ্বাস আসিফ ভক্তরা ভিন্ন ধারার একটি গান পেলেন। গানটি প্রকাশের পর শুভাকাঙ্খীরা সাধুবাদ জানাচ্ছে।








