যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে চার ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্লোরেন্স। হ্যারিকেনটি উপকূলে নিশ্চিতভাবেই আঘাত হানবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবারের মধ্যে এটি নর্থ ও সাউথ ক্যারোলাইনায় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া বিভাগ।
নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী সব মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে পুরো উপকূল খালি করে দেয়ার নির্দেশ দিয়েছেন সাউথ কোরিয়ার গভর্নর।
ঘূর্ণিঝড় ফ্লোরেন্স ঘণ্টায় ১৩০ মাইল গতিবেগে পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রতি মুহূর্তে এটি আরও শক্তিশালী হচ্ছে। ওই অঞ্চলে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ঝড়।
এর আগে এই এলাকায় সর্বশেষ ক্যাটাগরি চার ঘূর্ণিঘড় হুগো আঘাত করেছিল ১৯৮৯। নর্থ ক্যারোলাইনাকে ধ্বংস করে সেবার হুগো ৭শ’ কোটি মার্কিন ডলারের লোকসান করেছিল। এতে মৃত্যু হয়েছিল ৪৯ জনের।

ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের কারণে প্রচুর বৃষ্টিপাত এবং সেইসাথে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
সোমবার স্থানীয় সময় সকালে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে নর্থ ক্যারোলাইনার কেপ ফিয়ারের ১২শ’ মাইল দক্ষিণ-পূর্বে ফ্লোরেন্সের যাত্রা শুরু। তখন এটি ছিল ক্যাটাগরি দুই মাত্রার একটি হ্যারিকেন।
আর এখন আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, আটলান্টিকের উষ্ণ জলরাশি থেকে শক্তি নিয়ে ঝড়টি ক্যাটাগরি পাঁচ পর্যন্তও যেতে পারে।







