বিপিএলের ঢাকার ফিরতি পর্বে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইটান্স। আট বল ও ছয় উইকেট বাকি রেখেই বরিশালের করা ১১৯ রান টপকে যায় মাহমুদউল্লাহের খুলনা টাইটান্স।
খুলনার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন শুভাগত হোম। এছাড়া মাহমুদউল্লাহ করেন ৩৬ রান।
জয়ের জন্য ১২০ রানের মামুলি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। তাইজুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন খুলনার ওপেনার। এরপর রুম্মান রইসের করা চতুর্থ ওভারের চতুর্থ বলে ওয়েসেলস বোল্ড হয়ে সাজঘরে ফিরলে চাপের মুখে পড়ে খুলনা।
দলীয় ১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়া খুলনাকে টেনে তোলার চেষ্টা করেন শুভাগত ও তাইবুর। তবে থিসারা পেরেরার করা অষ্টম ওভারে টানা তিনটি চার মেরে খুলনার রানের চাকা সচল করেন শুভাগত। নবম ওভারের তৃতীয় বলে মুশফিকের সরাসরি থ্রোতে তাইবুর রানআউট হয়।
তবে চতুর্থ উইকেটে শুভাগত ও মাহমুদউল্লাহর ৫৭ রানের জুটি দলকে সহজ জয় পেতে সহায়তা করে।
বরিশালের পক্ষে রুম্মান রইস দুটি উইকেট নেন।







