টানটান উত্তেজনার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন পেল একেবারে শেষ রাউন্ডে এসে। রোববার ব্রাইটন এন্ড হোভ অ্যালবিওনকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
লম্বা সময় সিটিজেনদের ঘাড়ে নিঃশ্বাস ফেলা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা লিভারপুল এক পয়েন্টে পিছিয়ে টেবিলের দুইয়ে থেকে মৌসুম শেষ করল। তারা শেষ রাউন্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে।
মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৯৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল ম্যানসিটি। লিভারপুল ৯৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। ৭২ পয়েন্ট নিয়ে তিনে চেলসি ও ৭১ পয়েন্টে পরের স্থানে টটেনহ্যাম। এই চার দল পরের মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
আর ৭০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা আর্সেনাল খেলবে ইউরোপা লিগে। ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ইউরোপার বাছাই। সেখানে অবনমন হল কার্ডিফ সিটি, ফুলহ্যাম ও হার্ডাসফিল্ডের।
শেষের রং-তুলির ফিনিশিংয়ে অ্যালবিওনের মাঠে ২৭ মিনিটে পিছিয়ে পড়েছিল ম্যানসিটি। পুরো মৌসুমে দারুণ খেলা সার্জিও আগুয়েরোর গোলে এক মিনিট পরেই সমতায় ফেরে অতিথিরা।
সিটিজেনরা পরে করেছে আরও তিন গোল। ৩৮ মিনিটে লিড এনে দেন অ্যামেরিক লোপোর্তে। ৬৩ মিনিটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রিয়াদ মাহরেজ। আর ৭২ মিনিটে শেষের পেরেকটি ঠোকেন ইকায় গুন্ডোগান।
সেখানে শেষ পর্যন্ত চেষ্টা চালানো লিভারপুল সাদিও মানের জোড়া গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে। চেলসি শেষ রাউন্ডে গোলশূন্য ড্র করেছে লেস্টার সিটির কাছে। বার্নলিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার শেষ রাউন্ডে ২-২ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। তবে হেরে মৌসুম শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড, কার্ডিফের কাছে তাদের মৌসুমের শেষ হার ২-০ গোলে।
শেষ রাউন্ডে গোলবন্যার ম্যাচ হয়েছে ক্রিস্টাল প্যালেস ও বোর্নমাউথের মধ্যে, দুদল মিলে করেছে ৮ গোল। ক্রিস্টাল জিতেছে ৫-৩ ব্যবধানে।








