বর্ণাঢ্য ফুটবল জীবনে ব্যক্তিগত পুরস্কার হিসাবে পাওয়া পদক এবং কাপ এবং ব্যবহার করা জার্সি, বুট ও ফুটবল মিলিয়ে প্রায় দুই হাজার স্মারক নিলামে বিক্রির সিদ্বান্ত নিয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তী, ফুটবল সম্রাট পেলে।
৭ থেকে ৯ জুন লন্ডনে অনুষ্ঠেয় নিলামে তোলা হবে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত পেলে’র উপহার পাওয়া এইসব স্মারক। 
৭৫ বছর বয়সী পেলে এক বছর ধরে হাসপতালে চিকিৎসাধীন। নিলামের আয়োজক মার্কিন প্রতিষ্ঠান জুলিয়ান অকশন্স স্পষ্ট করে জানাতে পারেননি কি কারণে পেলে তার ২১ বছরের খেলোয়াড়ী জীবনে অর্জিত স্মারক নিলামে তুলছেন। 
একমাত্র ফুটবলার হিসাবে পেলে ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছেন। তিন বিশ্বকাপ চ্যাম্পিয়নের ব্যক্তিগত পদক, ১৯৭০ সালে তৃতীয়বারের মতো ব্রাজিল জুলেরিমে ট্রফি জেতায় পেলে’কে বানিয়ে দেয়া জুলেরিমে ট্রফির রেপ্লিকা এমনকি তার পুরোনো পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সও রয়েছে নিলামের তালিকায়।








