বেলজিয়ামের কাছে হেরে শেষ হয়েছে বিশ্বকাপ স্বপ্ন। এমন অভিজ্ঞতাকে নিজের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কষ্টকর মুহূর্ত বলেছেন ব্রাজিল তারকা নেইমার।
এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুটি গোল করেছেন নেইমার। খেলার জন্য প্রশংসিত হয়েছেন, সঙ্গে ফাউলের শিকার হয়ে অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেখানো নিয়ে হয়েছেন সমালোচিতও। বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার সেসব সমালোচনা এড়িয়ে বেলজিয়ানদের কাছে ২-১ গোলে হারার দুঃখ ভাগ করতে ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন।
‘আমি বলবো এই হারটা আমার জীবনে সবচেয়ে কষ্টকর এক মুহূর্ত। অভিজ্ঞতাটা খুবই ব্যথা দিচ্ছে। কারণ আমরা জানতাম আমরা পারবো। আমাদের অনেকদূর যাওয়ার, ইতিহাস লেখার ক্ষমতা ছিল।’
‘এটা ঠিক যে সময়টা আমাদের ছিল না। আবারও ফুটবল খেলার শক্তি খুঁজে নেয়াটাই আমাদের জন্য কষ্টের, কিন্তু আমাদের বিশ্বাস সৃষ্টিকর্তা আমাদের শক্তি যোগাবেন যেকোনো কঠিন সময় পার করার। তাই আমি কোনদিন সৃষ্টিকর্তাকে ভুলে যাবো না। এমনকি হেরে গেলেও না। কারণ তিনি যা করেন ভালোর জন্যই করেন। আমি আমার দল নিয়ে দারুণ গর্বিত। সবকিছু নিয়েই গর্বিত। হয়তো আমাদের স্বপ্নে বাধা পড়েছে। তবে কেউ কোনদিন আমাদের এই স্বপ্ন কেড়ে নিতে পারবে না। মাথা কিংবা হৃদয় থেকে স্বপ্ন মুছে দিতে পারবে না।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন সেলেসাওদের নাম্বার টেন।
সবশেষে ব্রাজিলকে সমর্থন যোগানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন নেইমার, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ, যারা আমাদের সমর্থন যুগিয়েছেন আর শুভেচ্ছা জানিয়েছেন, কৃতজ্ঞ সবার কাছেই।’







