ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ দলে। চোটের জন্য সিরিজের প্রথম দু’টি টি-টুয়েন্টি ম্যাচ থেকে ছিটকে গেছেন আন্দ্রে রাসেল। বিধ্বংসী অলরাউন্ডারের পরিবর্তে ১৪ জনের ক্যারিবীয় দলে এসেছেন ব্যাটসম্যান জেসন মোহাম্মদ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
চোটের জন্য বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছিলেন রাসেল। আইপিএলে চোট পাওয়ার পর পর্যাপ্ত সময়ের অভাবে পুরোপুরি চোটমুক্ত ছিলেন না তিনি। ফলে পুরনো চোটের জন্য বিশ্বকাপের মাঝেই ছিটকে যান।
বিশ্বকাপের পর ভারত ও ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার খেলতে নামছে। কিন্তু বিশ্বকাপের পর কানাডায় গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলেন রাসেল। সেখানেও চোটের জন্য অস্বস্তিতে পড়েন তিনি। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে রাসেলকে প্রথম দু’টি ম্যাচে বাইরে রাখার সিদ্ধান্ত।
রাসেলের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। দেশের হয়ে ৯টি টি-টুয়েন্টি এবং ২৮টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে ৩২ বছরের এই ক্রিকেটার। প্রয়োজনে অফস্পিনটাও করতে পারেন গায়ানার ছেলে।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে। তার পর ক্যারিবিয়ান সফরের বাকি ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। শনিবার প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে দুদলেরর লড়াই। টি-টুয়েন্টি সিরিজ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে ভারত।








