বাড়ির সাততলার জানালা দিয়ে পড়ে যাচ্ছেন গৃহপরিচারিকা। আর তাকে বাঁচাতে সাহায্য না করে সেই দৃশ্য মোবাইলে ধারণ করছেন গৃহকত্রী।আপনি ঠিকই পড়ছেন। এটি কোন সিনেমা বা নাটকের দৃশ্য নয়। এমনটিই ঘটেছে কুয়েতের একটি বাড়িতে।
বৃহস্পতিবার আজমজলিস নামের টুইটার একাউন্টে প্রকাশিত ভিডিওতে এমনটি দেখা যায়। প্রকাশিত ওই ভিডিও’র একটি ক্লিপে দেখা যায়, বাইরে থেকে এক হাত দিয়ে জানালা ধরে ঝুলছেন গৃহপরিচারিকা। তাকে সাহায্য না করে এই দৃশ্য মোবাইলে ধারণ করছেন গৃহকত্রী।মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাহায্যের আবেদন করলেও মন গলেনি ওই গৃহকত্রীর।
এর কয়েক সেকেন্ড পরেই নিচে পড়ে যান ওই গৃহপরিচারিকা। তার নিচে পড়ে যাওয়া পর্যন্ত ধারণ করেন ওই মহিলা।
তবে সাততলা থেকে পড়লেও আশ্চর্যজনকভাবে বেঁচে যান ওই গৃহপরিচারিকা। প্রকাশিত ভিডিওটির দ্বিতীয় ক্লিপে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনছেন।

এঘটনায় কুয়েতের একটি গণমাধ্যম টুইটারে ওই ভিডিওর নিচে ক্যাপশন দেন এভাবে, ‘মোবাইল ভিডিওর কারনে মানবিকতা হারিয়ে গেছে।’
তবে ভিডিও ধারণ করা ওই মহিলাকে পুলিশ আটক করেছে বলে সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে। এ ঘটানাটি আত্মহত্যার চেষ্টা বলেও তারা জানায়।
তেল সমৃদ্ধ উপসাগরীয় এই দেশটিতে প্রায় ৬লক্ষ গৃহকর্মী রয়েছে।এদের একটি বড় অংশ এশিয়ার বিভিন্ন দেশের। এদের অনেকেই নির্যাতন, দুর্ব্যবহার এবং বেতন বকেয়া রাখার অভিযোগ করেন।








