ভারতে গোলের পর গোল করে চলেছেন। থামাথামির খবর নেই! সাবিনা খাতুন যেন থামতেই ভুলে গেছেন। ইন্ডিয়ান উইমেন লিগের দল সেথু এফসিকে টানা চতুর্থ জয় এনে দেয়া ম্যাচে আবারও জোড়া গোল করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক।
শুক্রবার সাবিনার দুই ও ইন্দুমাথাইয়ের এক গোলে ইন্দিরা গান্ধী একাডেমি এসইকে ৩-১ গোলে হারিয়েছে তামিলনাড়ু সেথু এফসি।
প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে। দারুণ খেলেছিলেন সাবিনা। পরের ম্যাচ থেকেই দলের শুরুর একাদশে। প্রথম দুম্যাচে একটি করে গোলে জয়ের কারিগর। তৃতীয় ম্যাচে জোড়া গোলের পর চতুর্থতেও দুই গোল পেলেন সাবিনা। তাতে ৪ ম্যাচে ৬ গোল হল লাল-সবুজ অধিনায়কের।
ম্যাচের ২৭ মিনিটে অধিনায়ক ইন্দুমাথাই লিড এনে দেন। পরে সমতা ফিরিয়ে বিরতিতে যায় ইন্দিরা গান্ধী একাডেমি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে আরেকবার এগিয়ে দেন সাবিনা। পরেও ‘গোলমেশিন’ সাবিনাকে থামাতে পারেনি কেউ। দলের বড় জয় নিশ্চিত করা গোলটিও এসেছে লাল-সবুজের এই তারকার থেকেই।
সাবিনার এমন পারফরম্যান্সে প্রশংসার ঝড় উঠেছে সেথু এফসির ফেসবুক পেজে। দুই ‘জোড়া’ গোলের পর এবার হ্যাটট্রিকও চাইছেন দলটির ভক্ত-সমর্থকরা। যে গতিতে ছুটছেন, তাতে হ্যাটট্রিক পেয়ে যাওয়াও এখন সময়ের ব্যাপার মনে হচ্ছে লাল-সবুজের কন্যার জন্য।








