নিধাস ট্রফিতে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। সৌম্যর সরকারের শেষ বলে দিনেশ কার্তিক ছক্কা না মারলে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরতে পারত টাইগাররা! শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় আসরে রানার্সআপ হওয়াও অবশ্য কম সাফল্যের নয়।
দলীয় পারফরম্যান্স আশাজাগানিয়া হলেও পুরো টুর্নামেন্টে হতাশ করেছিলেন সৌম্য সরকার। এ ওপেনার পাঁচ ম্যাচে করেন মাত্র ৫০ রান। সিরিজের তার স্কোরলাইন ১, ১০, ১, ২৪, ১৪! এমন পারফরম্যান্স করেও আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে কোচ ও অধিনায়কের চাওয়ায় টিকে গেছেন সৌম্য।
নিধাস ট্রফিতে সৌম্যর বাজে পারফরম্যান্সের ব্যাপারটি পরের সিরিজের দল গড়ার সময় মাথায় এনেছিলেন নির্বাচকরা। সৌম্যকে নিয়ে প্রশ্ন ছিল নির্বাচকদের মাঝেও। তবে অধিনায়ক সাকিব আল হাসান ও অন্তবর্তীকালীন কোচ কোর্টনি ওয়ালশ সৌম্যর ব্যাপারে ইতিবাচক থাকায় ১৫ সদস্যের মধ্যে রেখেছেন নির্বাচকরা।
রোববার মিরপুরে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণার পর সৌম্যর দলে টিকে যাওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘এ ব্যাপারে (সৌম্য) আমাদেরও প্রশ্ন ছিল। টি-টুয়েন্টিতে আমরা যতগুলো খেলোয়াড়কে নিয়ে চিন্তা করি, তার (সৌম্য) কথাটা সবার আগে চলে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। তারা সৌম্যর ব্যাপারে ইতিবাচক ছিল।’
ভারতের দেরাদুনে ৩ জুন থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের তিন টি-টুয়েন্টির সিরিজ। প্রতিটি ম্যাচ দিবা-রাত্রির। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচ শুরু। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৫ জুন। একদিন বিরতির পর শেষ ম্যাচ ৭ জুন।







