দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭১৪তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জন।
এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৫০ জন। শনাক্তের হার আট দশমিক ৭১ শতাংশ। আগের দিন শুক্রবার শনাক্ত হয়েছিল দুই হাজার ৫৮৪ জন।
এর আগে গত ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো এবং গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৪ হাজার ৬৯৮টি পরীক্ষায় দুই হাজার ১৫০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আট দশমিক ৭১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।
সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৮৮ লাখ ৫৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ২৭ হাজার ৪৯৭টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় সাত হাজার ৪৭৮ জনসহ মোট ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে সাত জন পুরুষ ও ছয়জন নারী। তাদের হাসপাতালে (সরকারি ১২, বেসরকারি এক) মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ৯৪৪ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫০ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪২ কোটি ২৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮ লাখের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৪ কোটি ৭১ লাখের বেশি।








