জাতীয় দল, ‘এ’ দল ও বিসিবি একাদশের সিরিজ শেষ হয়েছে কয়েকদিন আগে। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে অনূর্ধ্ব-১৯ দল। মেয়েদের ইমার্জিং দল রয়েছে সাউথ আফ্রিকা সফরে। বাকি ছিল কেবল এইচপি (হাই পারফরম্যান্স) দলের সিরিজ। সেটিও চূড়ান্ত হয়ে গেছে। তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে আগামী ১৬ আগস্ট বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ইমার্জিং দল।
সিরিজ সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন ক্যাম্প করেছে হাই পারফরম্যান্স ইউনিট। দেখভাল করছেন হেড কোচ সায়মন হেলমট। এইচপি প্রোগ্রাম শুরু হয়েছিল গত ২০ মে। ১৬ সপ্তাহের ট্রেনিংয়ের জন্য ডাকা হয় ২৩ ক্রিকেটারকে।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে এইচপি’র প্রথম ম্যাচ ১৯ আগস্ট বিকেএসপিতে। দ্বিতীয় ম্যাচটি ২১ আগস্ট একই ভেন্যুতে। ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে।
খুলনাতে প্রথম চারদিনের ম্যাচ শুরু ২৭ আগস্ট। দ্বিতীয় চারদিনের ম্যাচটি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুরু হবে ৩ সেপ্টেম্বর। সফর শেষে ৭ সেপ্টেম্বর দেশে ফিরে যাবে লঙ্কানরা।








