প্রতিনিয়ত উত্ত্যক্ত হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার মিনু। এই ঘটনায় মিনুর সহপাঠি তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তারেককে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় স্কুলছাত্রী শারমিনের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে চাঁদপুরের শাহরাস্তি মামলা দায়ের করেছেন। মামলায় তারেক ও তার মাসহ ৪ জনকে আসামি করা হয়েছে।
শাহরাস্তি থানার পরিদর্শক মো. দিলদার আজাদ তারেকের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছেন।
মিনুর বাড়ি উপজেলার চিতোষী ইউনিয়নের হাড়িয়া গ্রামে। ৫ ভাই-বোনের মধ্যে একমাত্র মেয়ে সন্তান শারমিন আক্তার মিনুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার পরিবার।
দীর্ঘদিন ধরে সহপাঠী তারেকের দ্বারা উত্ত্যক্তের শিকার মিনু স্কুল শিক্ষকদের জানিয়েও কোনো প্রতিকার পায়নি।
বৃহস্পতিবার দুপুরে তারেক লাঞ্ছিত করে মিনুকে। বিষয়টি সে পুনরায় স্কুল শিক্ষকদের জানালে বিষয়টি শিক্ষকেরা তারেকের মাকে জানায়। তারেকের মাও ওইদিন স্কুলছাত্রী মিনুকে কটুক্তিমূলক কথা বলে অপমান করলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
তবে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল হোসেন মিনুকে উত্ত্যক্তের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে দাবি করেন।
মিনুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্কুল ছাত্রী মিনু হত্যাকান্ডের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বখাটে স্কুলছাত্র তারেকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।







