প্যারিস হামলার পর পশ্চিম দুনিয়ায় মুসলমানদের প্রতি বিশ্বাসহীনতা ব্যাপক হারে বেড়েছে । তার মধ্যে ব্রিটেনে গত এক সপ্তাহে জাতি–সম্প্রদায়গত আক্রমণ বেড়েছে ৩০০ শতাংশ। অধিকাংশ ক্ষেত্রে আক্রমণের শিকার ১৪ থেকে ৩৫ বছর বয়সী মুসলিম মহিলারা। বিশেষ করে পোশাকের কারণে সহজেই যাদের শনাক্ত করে নেওয়া যায়।
শারীরিক এবং মৌখিক আক্রমণের শিকার মুসলিম মহিলাদের সহায়তা দিয়ে থাকে ‘টেল মামা’ নামের এক হেল্পলাইন। তাদের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে বাস, ট্রেনের মতো প্রকাশ্য স্থানে ১০০’র বেশি হামলার শিকার হয়েছেন হিজাব জাতীয় পোশাক পরা মহিলারা। আর আক্রমণ করছেন ১৫ থেকে ৩৫ বছর বয়সী সাদা চামড়ার পুরুষরা।
পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আক্রান্ত মহিলারা পুলিশ বা সম্প্রদায়ের নেতাদের তারা নিজেদের অবস্থার কথা বলতে ভয় পাচ্ছেন। আরও ভয়ানক হল, এই মহিলাদের বাঁচানো তো দূরের কথা, কেউ সহানুভূতিও দেখাচ্ছে না।
টেল মামা জানিয়েছে, হিজাব পরার কারণে অন্তত ৩৪টি ক্ষেত্রে মহিলাদের ওপর আক্রমণ নেমে এসেছে। কিছুদিন আগেই সরকারি বাসে মহিলাদের ধর্ম তুলে বিরূপ মন্তব্য করা হয়। এর প্রতিবাদে তাদের ছেলেমেয়েরা এগিয়ে গেলে, তাদেরও গালাগাল করা হয়।
সম্প্রতি লন্ডনে টিউব ট্রেনে হিজাব পরার জন্য এক কিশোরীর উদ্দেশে উল্টো দিকের সিটে বসে থাকা এক ব্যক্তি সমানে ‘মাথামোটা’, ‘সন্ত্রাসবাদী’ ‘বর্বর’ এইসব শব্দ ব্যবহার করে। ওই লোকটি এমনও বলে, এই কিশোরীর সম্প্রদায়ের লোকেরাই প্যারিসে হামলা চালিয়েছে।







