চড়া দামে জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট কেনা বলিউড তারকাদের কাছে এখন আর নতুন কোন বিষয় না। ইতোপূর্বেই অনেক তারকা ব্যয়বহুল সব সম্পদ কিনে তাক লাগিয়েছেন। এবার অযোধ্যায় জমি কিনে রীতিমত শোরগোল ফেলে দিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
জানা গেছে, মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অফ অভিনন্দন লোধার বিশাল ‘দ্য সরযূ’ প্রজেক্টে জমি কিনেছেন বলিউডের শাহেনশাহ। যেটি অযোধ্যার সরযূ নদীর পারে অবস্থিত। জানা গেছে, এই বিশাল জমির দাম ১৪.৫ কোটি টাকা।
অযোধ্যায় নিজের বাড়ি তৈরি করতেই এই জমি কিনেছেন অভিনেতা। কারণ, অযোধ্যা তার মনের খুব কাছের একটা জায়গা। অমিতাভ জানিয়েছেন, অযোধ্যার সঙ্গে তার আবেগ ও আধ্যাত্মিক সংযোগ রয়েছে। ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে অযোধ্যায়, এমনটাই দাবি অমিতাভের।
বলিউড শাহেনশাহ আরোও জানিয়েছেন যে, বিশ্বের সবচেয়ে বড় আধ্যাত্মিক জায়গাতে তার বাড়ি থাকবে এটা বহুদিনের ইচ্ছাই ছিল। আর সেই ইচ্ছাকে পূরণ করতেই অযোধ্যায় জমি কেনেন তিনি।
শোনা যাচ্ছে, বিগ বি যে বাড়ি ওখানে নির্মাণ করতে চাইছেন সেটি দৈর্ঘ্যে প্রায় ১০,০০০ বর্গফুট হতে পারে। আসছে ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের দিনই ‘দ্য সরযূ’ উদ্বোধন হবে। এইদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করবেন। রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র ইতিমধ্যে পৌঁছে গেছে ভারতের তাবড় তাবড় সব ব্যক্তিত্বদের পাশাপাশি বলিউড তারকাদের কাছেও।
সূত্র: বলিউড হাঙ্গামা







