সত্তরের দশকের পর্দা কাঁপানো সুপারস্টার, যার অভিনয়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব, তিনি বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন। এখনো অভিনয় করে যাচ্ছেন একের পর এক চলচ্চিত্রে। ছবির মূল চরিত্র হয়ে পাল্লা দিচ্ছেন শাহরুখ-আমির-সালমান খানদের মতো সুপারস্টারদের সাথে।
শুক্রবার (১১ অক্টোবর) এই সুপারস্টারের জন্মদিন। এবছর ৮২ পেরিয়ে ৮৩ বছরে পা দিলেন অমিতাভ। জন্মদিনের সুন্দর দিনটিতে ভেসে যাচ্ছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায়।
বিশেষ করে সোশাল মিডিয়াতে বিগ বিকে নানা রকম ছবি আর স্ট্যাটাস উৎসর্গ করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুসারীরা। তবে শুধু আজকের দিনটিই নয়, এই দিন ছাড়াও বছরের আরও একটি দিন জন্মদিন হিসেবে পালন করেন অমিতাভ বচ্চন। অর্থাৎ, বছরে মোট ২ বার জন্মদিন পালন করা হয় তার।
একদিকে ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্ম৷ অন্যদিকে, ২ আগস্টেও জন্মদিন পালন করেন অমিতাভ। কিন্তু কেন? কেন ওই দিন জন্মদিন পালন করেন তিনি?
জানা গেছে, ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময়ে এক দুর্ঘটনা এসেছিলো অমিতাভের জীবনে। একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে প্রচুর আঘাত পেয়েছিলেন তিনি। প্রায় মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছিলেন এই অভিনেতা। শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছিলো। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে৷ এই দুর্ঘটনার মুখ থেকে ফিরে আসার কারণে ২ আগস্ট দ্বিতীয় জন্মদিন হিসাবে পালন করেন অমিতাভ।- বলিউড লাইফ








