পাকিস্তান ক্রিকেটের দুই তারকা ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির আবারও অবসরের ঘোষণা দিয়েছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর থেকে ফেরা দুই তারকা দুই দিনের ভেতর আবারও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন। শুক্রবার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম বলেছিলেন ‘এ অধ্যায় শেষ হয়েছে’। শনিবার সেই একই কথা একটু ঘুরিয়ে আমির বললেন ‘কঠিন সিদ্ধান্ত’।
৩৫ বর্ষী ইমাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সব ভক্ত ও সমর্থকদের জন্য: অনেক চিন্তা-ভাবনা করার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং সবুজ জার্সি পরা প্রতিটি মুহূর্ত ছিল অবিস্মরণীয়।’
‘আপনাদের অটল সমর্থন, ভালবাসা এবং আবেগ সবসময় আমার শক্তির বড় জায়গা ছিল। জীবনের বিভিন্ন পর্যায়ে আপনাদের অনুপ্রেরণা আমাকে দেশের জন্য সেরাটা দিতে বাধ্য করেছে। এই অধ্যায়ের সমাপ্তি ঘটলে, আমি ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটে আমার যাত্রা চালিয়ে যেতে উন্মুখ। আশা করি নতুন উপায়ে আপনাদের সবাইকে বিনোদন দিতে পারব। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। পাকিস্তান।’
৩২ বর্ষী আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সচেতনভাবে বিবেচনার পর আমি অবসরের কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ সিদ্ধান্তগুলো নেয়া সহজ নয় কিন্তু অবশ্যই অপরিহার্য। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় পাকিস্তান ক্রিকেটের ব্যাটন নতুনদের হাতে দিয়ে পাকিস্তান ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার।’
‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার জন্য সবসময়ই অন্য রকম গৌরবের। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, আমার বন্ধু, পরিবার এবং যারা আমাকে আকুষ্ঠ সমর্থন করেছেন আপনাদের ধন্যবাদ।’








