ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিক্ষার্থী হয়রানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এর আগে রোববার অভিযোগের প্রেক্ষিতে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং একই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগ, লায়েকা বশীর হিজাব ও নিকাব পরা মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে অপমান করেছেন, ইসলামি বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং মানসিক চাপ সৃষ্টি করেছেন। তার বিরুদ্ধে নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ প্রয়োগ এবং পরীক্ষায় বৈষম্যমূলক নম্বর দেওয়ার অভিযোগও তোলা হয়। শিক্ষার্থীরা দাবি করেন, এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে।
অন্যদিকে, ড. মহসিনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। দুই শিক্ষককে বহিষ্কারের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় শেষ পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে গত ১৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরেন।


