বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের মধ্যে আলিয়া ভাটের অবস্থান ওপরের দিকে। এখন পর্যন্ত যতোগুলো সিনেমায় কাজ করেছেন সবগুলোই প্রায় হিট। শুধু তাই নয়, বলিউড পেরিয়ে ‘দ্য হার্ট অব স্টোন’ এর মাধ্যমে হলিউডেও পাড়ি জমিয়েছেন তিনি। আর এবার লন্ডনে হোপ গালার সঞ্চালনায় জন্য ডাক পেলেন এই অভিনেত্রী।
গেল বছর মেট গালাতে অংশগ্রহণ করেছিলেন আলিয়া। আর এবার হোপ গালার সঞ্চালনায় যুক্ত হচ্ছেন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) লন্ডনের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হাইড পার্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত হবে আসরটি। যেখানে ভারত ও লন্ডনের বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবীরা উপস্থিত থাকবেন।
আলিয়া ভাটকে শেষবার দেখা গিয়েছিল করণ জোহরের পরিচালনায় ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। ভাসান বালার পরিচালনায় তার পরবর্তী প্রজেক্টের নাম ‘জিগরা’। যেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বেদাং রায়না। মাত্র কয়েকদিন আগেই অভিনেত্রী তার সহ-অভিনেতার সাথে সিঙ্গাপুরে ছবিটির শুটিং শেষ করেছেন। চলতি বছরের শেষের দিকে আগামী ২৭ সেপ্টেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। –পিঙ্কভিলা








