আফ্রিকার দেশ আলজেরিয়ার পার্বত্য অঞ্চলে তীব্র দাবানল ছড়িয়ে পড়ায় কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দাবানলে ২৬ জন আহত হয়েছেন এবং ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে ১৫০০ মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। প্রবল বাতাসের কারণে সোমবার রাজধানী আলজিয়ার্সের পূর্বে পার্বত্য কাবিলি অঞ্চলের উপকূলীয় শহরগুলোর আবাসিক এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। সেসময় ওই অঞ্চলের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। পরে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ২৫ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে দেশটির ১০ সেনা সদস্যও রয়েছেন। আগুন নেভানোর চেষ্টার সময় প্রাণ হারান তারা।
আলজেরিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলজেরিয়াজুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬ টি প্রদেশে ৯৭টি দাবানলের তীব্রতা রেকর্ড করা হয়েছে।
আর এই দাবানলে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে হাজারও মানুষকে। প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন।
সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগ্রন দ্রুত ছড়িয়ে পড়ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় সাড়ে ৮ হাজার দমকল কর্মী। গ্রিসের রোডস দ্বীপেও দাবানল ভয়াবহ আকার ধারণ করায় প্রায় ১৯ হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। চলমান দাবানলের কারণে এরই মধ্যে কয়েক হাজার পর্যটক দ্বীপ ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন ।







