বক্স অফিসে হতাশ করেছে অক্ষয় কুমার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’। দর্শক নেই বলে বিভিন্ন জায়গায় শো বাতিল করা হয়েছে। পুরো ভারতে ৬৫ কোটি রূপিরও কম আয় করেছে এই ছবি। তাই এবার বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য নেয়া হয়েছে অন্য পন্থা।
‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তির মাত্র চার সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস। ক্ষতি কমাতে নির্ধারিত সময়য়ের আগেই অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে এই ছবির। মনে করা হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্ম এর মাধ্যমেই সারাদেশে ভালো ব্যবসা করবে ছবিটি।
‘সম্রাট পৃথ্বীরাজ’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ১০.৭০ কোটি রূপি। দ্বিতীয় দিনে ১২.৬০ কোটি আয় করেছে। রবিবার আয় করেছে ১৬.১০ কোটি। অর্থাৎ প্রথম তিন দিনের আয় ৩৯.৪০ কোটি রূপি। সমসাময়িক সময় মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভুল ভুলাইয়া টু’ প্রথম তিন দিনে আয় করেছে ৫৫ কোটি রূপি।
৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও মানুশি চিল্লারের ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’। হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি। অক্ষয়-মানুশি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ।








