ভারতের মাটিতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্ট শুরুর তিন দিন না পেরোতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এমনকি আহমেদাবাদে তার নামে করা স্টেডিয়ামও উড়িয়ে দেয়া হবে বলে একটি কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিকে ই-মেইল পাঠানো হয়েছে। কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে মুক্তির সঙ্গে ৫০০ কোটি রুপিও দাবি করছেন হুমকিদাতারা।
ই-মেইলে বলা হয়েছে, ‘৫০০ কোটি রুপিসহ লরেন্স বিষ্ণোইকে সরকার আমাদের হাতে তুলে না দিলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেয়া হবে। হিন্দুস্তানে সবকিছু বিক্রি হয়, আমরাও কিছু কিনে নিলাম। যতই সুরক্ষিত থাকো না কেন, আমাদের কাছ থেকে বাঁচতে পারবে না। আমাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে ই-মেইল করো।’
ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ই-মেইল পাওয়ার পর মুম্বাই পুলিশকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দিয়েছে। মুম্বাই পুলিশ এরই মধ্যে শহরে নিরাপত্তা বাড়িয়েছে। তবে ই-মেইল দাতাকে খুঁজে বের করার চেষ্টা ভারতের আইন প্রয়োগকারী সংস্থা।
এক লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গত পরশু ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপ। এমনকি শিরোপা নির্ধারণী ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে।
২০১৪ সাল থেকে কারাগারে বন্দী আছেন বিষ্ণোই। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ আছে, কারাগারে থেকেই তিনি নিজের সন্ত্রাসী দল পরিচালনা করেছেন।







