চীনের উহান আন্তর্জাতিক এক্সপো সেন্টারে শেষ হলো এশিয়ার সবচেয়ে বড় কৃষিযন্ত্র প্রদর্শনী—চায়না ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন ২০২৫। প্রদর্শনীর মূল প্রতিপাদ্য ছিল, “উদ্ভাবন ও উন্মুক্ততা কৃষিযন্ত্রে শক্তি জোগায়, বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে নেয় গ্রামীণ উন্নয়নকে।”
বিশ্বখ্যাত এই প্রদর্শনী এবার রেকর্ড ভেঙেছে ২,৫০,০০০ বর্গমিটার প্রদর্শনী এলাকা, ২,৫০০-এর বেশি প্রদর্শক এবং ১০০টিরও বেশি দেশ থেকে ২,০০,০০০ পেশাদার দর্শনার্থী অংশ নিয়ে।
২৬ অক্টোবরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কৃষি সংস্থার নেতৃবৃন্দ, শিল্প বিশেষজ্ঞ এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা।
চীন কৃষিযন্ত্র বিতরণ সংস্থার সভাপতি ফ্যান জিয়ানহুয়া তাঁর ভাষণে বলেন, “বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি ও সবুজ উদ্ভাবনের গভীর সংমিশ্রণ বিশ্ব কৃষিকে রূপান্তর করছে।” তিনি চারটি মূল উদ্যোগ তুলে ধরেন: উদ্ভাবন-ভিত্তিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা, ব্যবহারকারী-কেন্দ্রিক উন্নয়ন, এবং সবুজ রূপান্তর।

উহান মিউনিসিপাল পিপলস কংগ্রেসের প্রতিনিধি লিন ওয়েনশু বলেন, “এই আয়োজন উহানকে বৈশ্বিক কৃষি প্রযুক্তি বিনিময় ও যন্ত্র বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”
চীন কৃষিযন্ত্র শিল্প সংস্থার সভাপতি ঝাও ইয়ানশুই ঘোষণা দেন একাধিক আন্তর্জাতিক প্রদর্শনীর:
- চীন কৃষিযন্ত্র ও সরঞ্জাম এক্সপো ২০২৫: ৬–৯ নভেম্বর, নাননিং, গুয়াংজি
- জাতীয় কৃষিযন্ত্র প্রদর্শনী ২০২৬: ২৭–২৯ মার্চ, ঝুমাদিয়ান, হেনান
- শিনজিয়াং আন্তর্জাতিক কৃষিযন্ত্র এক্সপো ২০২৬: ২৫–২৭ মে, উরুমকি, শিনজিয়াং
- ভিয়েতনাম আন্তর্জাতিক কৃষিযন্ত্র প্রদর্শনী ২০২৬: ২৩–২৫ জুলাই, হো চি মিন সিটি, ভিয়েতনাম
বুদ্ধিমান কৃষির উত্থান
এবারের প্রদর্শনীতে কেন্দ্রবিন্দুতে ছিল স্মার্ট কৃষি যন্ত্র। ট্র্যাক্টর, হারভেস্টার বা বীজ বপনের যন্ত্র—সবকিছুই এখন সেন্সর, ক্যামেরা ও জিপিএস নিয়ন্ত্রিত। ক্লাস, জন ডেরে, নিউ হল্যান্ড, উয়েচাই রায়ো এবং জুমলায়ন–এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড উন্মোচন করেছে তাদের সর্বশেষ বুদ্ধিমান যন্ত্রপাতি।
ক্লাস-এর ইভিয়ন ৫৮০ স্মার্ট কম্বাইন হার্ভেস্টার মেশিনে রয়েছে থ্রিডি ক্লিনিং সিস্টেম ও স্মার্ট মনিটরিং প্রযুক্তি, যা ফসল কাটা ও বীজ সংরক্ষণে দক্ষতা বাড়ায়।
জন ডেরে প্রদর্শন করেছে জিলিয়ান প্ল্যাটফরম, যার মাধ্যমে কৃষক মোবাইল ফোনে মেশিনের কার্যক্রম, জ্বালানি ব্যয় ও যন্ত্রের অবস্থা জানতে পারেন তাৎক্ষণিকভাবে।
চীনা প্রতিষ্ঠান উয়েচাই রায়ো দেখিয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্র্যাক্টর, যা চীনের নিজস্ব বাইদু স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবস্থায় চালিত।
বিশেষজ্ঞদের মতে, কৃষি এখন “একক যন্ত্র বুদ্ধিমত্তা” থেকে “সমগ্র খামার বুদ্ধিমত্তা”-য় রূপ নিচ্ছে, যেখানে পুরো খামারই এক ডেটা-চালিত স্মার্ট নেটওয়ার্ক।

সবুজ শক্তির পথে কৃষিযন্ত্র শিল্প
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৩০ শতাংশ আসে কৃষি খাত থেকে। ফলে, কৃষিযন্ত্র নির্মাতারা এখন গুরুত্ব দিচ্ছেন কম কার্বন বা শূন্য কার্বন প্রযুক্তিতে। প্রদর্শনীতে দেখা গেছে বৈদ্যুতিক, হাইব্রিড, হাইড্রোজেন ও মিথেনচালিত ট্র্যাক্টর–এর সমারোহ।
নিউ হল্যান্ড এনেছে বিশ্বের প্রথম মিথেনচালিত ট্র্যাক্টর, যা ডিজেল ইঞ্জিনের সমান কর্মক্ষম হলেও কার্বন নির্গমন কমায় প্রায় ৭৫ শতাংশ।
চীনের চায়না কন্টিনেন্টাল ডায়নামিকস প্রদর্শন করেছে হাইড্রোজেনচালিত স্মার্ট ট্র্যাক্টর, যা সূর্য ও বায়ু থেকে তৈরি মিথানল জ্বালানিতে চলে, তারা নাম দিয়েছে “তরল সূর্য” বা লিকুইড সানলাইট।
বিশেষজ্ঞদের মতে, এটি কৃষি প্রযুক্তিকে টেকসই শক্তির যুগে নিয়ে যাওয়ার এক বড় পদক্ষেপ।
রোবটের হাতে কৃষি
প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কৃষি রোবট। “রোবট+ কৃষি”- এই সমন্বয় ভবিষ্যতের কৃষির নতুন বাস্তবতা হয়ে উঠছে।
হোয়াগং জিয়ুন উপস্থাপন করেছে লেজারচালিত আগাছা পরিষ্কার রোবট, যা ৯৯.৫ শতাংশ নির্ভুলতায় আগাছা সনাক্ত ও ধ্বংস করতে পারে।
বেইজিং একাডেমি অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি সাইন্সেস প্রদর্শন করেছে অটোপিকার নামে বহু-হাতবিশিষ্ট ফল সংগ্রহকারী রোবট, যা আপেল ও কমলাবাগানে একসঙ্গে কাজ করতে সক্ষম।
এছাড়া ছিল ড্রোনভিত্তিক স্প্রে ও মনিটরিং সিস্টেম, স্বয়ংক্রিয় লন কাটার রোবট, ওষুধ প্রয়োগ রোবট। সব মিলিয়ে কৃষিতে মানুষের পরিশ্রম কমিয়ে আনছে প্রযুক্তি।

ভবিষ্যতের কৃষি: স্মার্ট, টেকসই ও স্বয়ংক্রিয়
চায়না ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন 2025 উপস্থাপনা করেছে আগামীর কৃষি হবে বুদ্ধিমান, পরিবেশবান্ধব ও রোবট-নির্ভর। প্রথাগত ‘ঘাম-ঝরানো’ কৃষির জায়গা নিচ্ছে ডেটা-চালিত, স্বয়ংক্রিয় ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা।
প্রদর্শনী শেষে আয়োজকেরা ঘোষণা দিয়েছেন, আগামী বছর CIAME Asia 2026 অনুষ্ঠিত হবে ভিয়েতনামের হো চি মিন সিটিতে, যেখানে এশিয়ার বাজারের জন্য আরও উন্নত কৃষি প্রযুক্তি প্রদর্শিত হবে।
সমাপনী ঘোষণায় চীন কৃষিযন্ত্র বিতরণ সংস্থার সভাপতি ফ্যান জিয়ানহুয়া বলেন, ‘বিশ্ব কৃষি এখন নতুন যুগে পা রাখছে, যেখানে কৃষক, যন্ত্র আর রোবট একসাথে কাজ করবে একটি স্মার্ট, সবুজ ভবিষ্যতের জন্য।’








