ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, এজেন্ট এবং প্রার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে, এটা স্পষ্টভাবে ২০২৫ সালের ডাকসু নির্বাচনী গঠনতন্ত্রে লেখা আছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যলয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তার বিরুদ্ধে অভিযোগের জবাব দেন তিনি।
আবিদ বলেন, অনেক অভিযোগ আমরা সকাল থেকে করতে পারতাম- যেমন আমাদেরকে প্রপারলি পরিচয়ের কার্ড দেয়া হয়নি। কয়েকটা ভোটকেন্দ্রে আমরা প্রবেশ করতে পেরেছি, বাকি সব কেন্দ্রে আমাদেরকে এতিমের মতো দাঁড় করানো হয়েছে। একজন ভিপি প্রার্থী হিসেবে ভেতরে কী হচ্ছে, তা তদারকি করা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, স্বচ্ছতার নিশ্চিতকরণের ক্ষেত্রে।
আবিদ আরও বলেন, আজকের এই দিন বাংলাদেশের দিন। বাংলাদেশের বিজয়ের দিন, বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন। বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশে স্বাধীনতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা যে যেখানে আছেন, নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেন। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ন রাখতে আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ।
ডাকসু নির্বাচনী আচরণবিধির ১২ (খ) ধারা অনুসারে নির্বাচনের প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই। ওই ধারায় বলা আছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।








