সম্প্রতি খুব একটা ভালো সময় কাটছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগার্স। এমন আশারবাণী শুনিয়েছেন জাতীয় দলের টপঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানিস্তান। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর সিরিজের তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। সিরিজ সামনে রেখে শনিবার সন্ধ্যায় ঢাকায় ছেড়েছে প্রথম ভাগের বাংলাদেশ দল। সফরের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা রোববার আরব আমিরাতের উদ্দেশে পাড়ি দিবেন। প্রথম ধাপে দেশে ত্যাগের আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এমন বলেছেন তাওহীদ হৃদয়।
‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে।’







