টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট নিলেন আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান। তবে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জিতিয়েছেন ওমরজাই। সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম পয়েন্টের স্বাদ পেয়েছে আফগানরা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার টসে জিতে আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক রশিদ। নির্ধারিত ২০ ওভাবে ৯ উইকেট হারিয়ে ১৬০ রানের পুঁজি পায় মোহাম্মদ ওয়াসিমের দল। তাড়ায় নেমে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান।
টি-টুয়েন্টিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে নামের পাশে ৬৯৯ উইকেট নিয়ে নেমেছিলেন রশিদ। সংযুক্ত আরব আমিরাতের ইনিংসে ১৬তম ওভারে আরফান হিট উইকেট আউট হতেই তিনি কীর্তিতে নাম লেখান।
টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় অবসর নেয়া ডোয়াইন ব্রাভো ৬৩১ নিয়ে দুইয়ে। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রশিদের পরে কেবল সুনীল নারিন, উইকেট ৬১৩।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও সর্বোচ্চ উইকেট নেয়ার তালিকায় শীর্ষে রশিদ। আফগানিস্তানের হয়ে ১৯১ উইকেট নিয়েছেন। তালিকায় তার পরে ১৬৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টিম সাউদি। এরপর ১৬২ উইকেট নিয়ে আছেন ইশ সোধি।
রাশিদ খানের অনন্য অর্জনের দিনে আজমতউল্লাহ ওমারজাইয়ের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। পরের রাউন্ডে যেতে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও।
রাশিদের অর্জনের দিনে ওমারজাই ২১ বলে ৪০ রান করেছেন এবং ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট শিকার করেছেন।








