ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বুধবার ঘোষণা করা এ দলের নেতৃত্বে থাকবেন স্পিনার রশিদ খান। এই একই দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।
বাংলাদেশ সিরিজে বাদ পড়া ফজলহক ফারুকী এবং গুলবাদিন নায়েব বিশ্বকাপের দলে ফিরেছেন। এছাড়া ১৫ সদস্যের দলে ফিরেছেন স্পিনার মুজিব উর রহমান ও নাভিন উল হক। ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে আফগানিস্তানের দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। আমরা অতীতের চমৎকার স্মৃতি লালন করি এবং এশিয়ান কন্ডিশনে খেলা হওয়ায় এ বছর আরও ভালো ফলাফলের আশা করি।’
‘ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে সিরিজ আমাদের দলকে আরও ভালো করার এবং বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার একটি অবিশ্বাস্য সুযোগ করে দেবে।’
আফগানিস্তান ঘোষিত স্কোয়াড:
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, দারবিশ রাসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, নুর আহমদ, মুজিব উর রহমান, নাভিন-উল হক, ফজলহক ফারুকি এবং আবদুল্লাহ আহমেদজাই।








