পরিবেশ দূষণ রোধে ও স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এলপিজি গ্যাস। তাই বাংলাদেশে বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার অনেক বেড়েছে। এলপিজি ব্যবহারে এ সংক্রান্ত সচেতনতা আগের তুলনায় অনেক বেশি জরুরি। পাশাপাশি সরকারেরও এ খাতের প্রতি নীতিসহায়তাসহ দৃষ্টি দেওয়া জরুরি।
বাংলাদেশের বৃহত্তম এলপি গ্যাস অপারেটর ওমেরা আয়োজিত ‘স্বাস্থ্য ও নিরাপত্তার উপর ক্লিন ফুয়েল হিসাবে এলপিজির প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিষয়গুলো উঠে এসেছে।
রোববার ২৮ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসে ওমেরার কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভার লক্ষ্য ছিল বিশ্বব্যাপী নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্রের জন্য সচেতনতা বৃদ্ধি ও সমর্থনের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) লক্ষ্য পূরণে সহায়তা করা। ‘পরিবর্তনশীল জলবায়ুতে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করা’ প্রতিপাদ্যে গোলটেবিল আলোচনায় উঠে আসে, বাংলাদেশের এলপিজি সেক্টরের বর্তমান প্রবৃদ্ধি ও এই সেক্টরের বিভিন্ন বিধিমালা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকটি সঞ্চালনা করেন ওমেরা এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম চৌধুরী।
এছাড়া গোলটেবিল বৈঠকে হেলাল উদ্দিন এনডিসি, বিইআরসি সদস্য (গ্যাস); মোহাম্মদ ফারুক হোসেন, প্রধান পরিদর্শক, বিস্ফোরক অধিদপ্তর; মো. কামাল উদ্দিন ভূঁইয়া, বিএফএম, ডেপুটি ডিরেক্টর (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর; মেজর (ইঞ্জি.) শামসুদ্দিন আহমেদ চৌধুরী (অব.), সদস্য (উন্নয়ন), রাজউক; লিয়াকত আলী ভূঁইয়া, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব); ইমরান হাসান, মহাসচিব, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি; জহির খান, সভাপতি, শেফস ফেডারেশন অব বাংলাদেশ; এইচএম হাকিম আলী, সভাপতি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন এবং মোহাম্মদ আহসানুল জব্বার, মহাসচিব, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) প্যানেল আলোচনায় অংশ নেন।
বৈঠকে বক্তাদের আলোচনায় উঠে আসে, পরিবেশ ও স্বাস্থ্যের ওপর এলপিজির প্রভাব গভীর এবং ইতিবাচক। অন্যান্য জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা এবং তেলের তুলনায় এলপিজি উল্লেখযোগ্যভাবে কম দূষক নির্গত করে। কয়লার চেয়ে ৩৩ শতাংশ কম এবং তেলের তুলনায় ১২ শতাংশ কম কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। পরিবেশ সংরক্ষণের পরিপ্রেক্ষিতে, মাত্র এক মেট্রিক টন এলপিজি ৪৭টি পূর্ণ বয়স্ক গাছের সমতুল্য পরিবেশ সংরক্ষণ করতে পারে, যা বন উজাড় কমাতে ভূমিকা রাখছে।
এছাড়া, এলপি গ্যাসে রান্নার ফলে ধোঁয়া উৎপন্ন হয় না। এটা একদিকে যেমন ক্ষতিকারক দূষণ কমায়, তেমনি স্বাস্থ্যের জন্যও কম ঝুঁকিপূর্ণ। সামগ্রিকভাবে বলা যায়, এলপি গ্যাস পরিবেশ এবং মানুষের জন্য একটি টেকসই এবং স্বাস্থ্যকর জ্বালানি।
অনুষ্ঠানে বাংলাদেশের এলপিজি সেক্টরে ক্রস-ফিলিং, এলপিজি ব্যবহার সম্পর্কে অপর্যাপ্ত সচেতনতা, মিডিয়া যোগাযোগে ভুল তথ্য এবং এলপিজি সিস্টেমের অনুপযুক্ত নকশা ও ইনস্টলেশনের মতো কারণগুলোকে এ খাতের প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, একসময় গ্রামের মায়েরা রান্না করার সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যেতেন। কাঠ দিয়ে রান্না করার কারণে ধোঁয়ায় আমি আমার মায়ের চোখের পানি দেখেছি। এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আসার পর সেই ভোগান্তি থেকে গ্রামের গৃহিনীরা মুক্তি পেয়েছেন। আমরা চাই এলপিজির ব্যবহার আরও ব্যাপক হারে বাড়ুক।
অনুষ্ঠানে জানানো হয়, এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এলওএবি) এর পূর্বাভাস অনুসারে, ২০৩০ সাল পর্যন্ত এলপিজির চাহিদা বার্ষিক প্রায় ৭.৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যেহেতু প্রাকৃতিক গ্যাসের মজুদ হ্রাস পাচ্ছে এবং এলপিজির দাম ওঠানামা করছে, শিল্প খাত এলপিজিকে বিকল্প জ্বালানির উৎস হিসেবে ব্যবহারে ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশে এলপিজির গড় মাসিক বাজারের আকার প্রায় দেড় লক্ষ মেট্রিক টন। এর মধ্যে ওমেরাসহ প্রধান ৪টি অপারেটর মোট চাহিদার ৫০ শতাংশের বেশি পূরণ করছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশের বৃহত্তম এলপি গ্যাস অপারেটর ওমেরা। প্রতিষ্ঠানটি ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ খাতের শ্রমিকদের মানোন্নয়ন এবং গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে, শেফদের জন্য সেফটি ট্রেনিং, কনজ্যুমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি সাইন, তাৎক্ষনিক সেবা প্রদাণের লক্ষ্য কল সেন্টার চালু। প্রতিষ্ঠানটির কল সেন্টার নাম্বার ১৬৭৯৭, যে নাম্বারে ফোন দিয়ে এলপিজি সংক্রান্ত যে কোনো সেবার তথ্য পাওয়া যায়।
এছাড়া, পরিবর্তিত জলবায়ুতে বিশ্বব্যাপী নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ওমেরা। পাশাপাশি গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওমেরা প্রতিনিয়ত টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করে।








